নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বাস আটকে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে ধর্মঘট

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫১, ১ জুলাই ২০২৬

বাস আটকে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে ধর্মঘট

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় গাড়ি আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

বুধবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন বাস মালিক ও শ্রমিকরা। এতে কয়েক ঘণ্টার জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। 

খবর পেয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ঘটনাস্থলে ছুটে আসেন তার রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। তিনি ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে মালিক ও শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন অভিযোগ করেন, মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন তাদের এক মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা না দেওয়ায় মিশনপাড়া এলাকায় একটি বাস আটকে রাখা হয় এবং শ্রমিকদের মারধর করা হয়। এর প্রতিবাদেই তারা ধর্মঘটের ডাক দেন। পরে এমপির পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলে আমরা ধর্মঘট প্রত্যাহার করি।

এ বিষয়ে কথা বলতে মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মালিকদের মধ্যে একটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

পরে আমি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা মালিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন