শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১০, ১৪ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক ও ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ শহর। নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা অত্যন্ত জরুরি। আর এ কাজে পরিচ্ছন্নকর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি পরিচ্ছন্নকর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের কাজে কোনো ধরনের ফাঁকি দেওয়া চলবে না। নির্ধারিত চার ঘণ্টা আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শহরের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং সব সময় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আমরা কাউকে চাকরিচ্যুত করতে চাই না, তবে দায়িত্বে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, “আপনারা যেমন শহরকে পরিষ্কার রাখেন, তেমনি নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও সচেতন থাকতে হবে। সেই লক্ষ্যেই আপনাদের জন্য ইউনিফর্ম, রেইনকোট, বুট, জুতা ও সাবানসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে। এগুলো ব্যবহার করে নিরাপদে দায়িত্ব পালন করবেন।”
প্রশাসক আরও উল্লেখ করেন, গত ঈদ প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ বোনাস উপহার দিয়েছিল। আমরা আমাদেরকে মাঝে বিতরণ করেছি। ভবিষ্যতেও পরিচ্ছন্নকর্মীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না এবং পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নকর্মীদের হাতে ইউনিফর্ম, রেইনকোট, বুট, জুতা ও সাবানসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।