নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

লক্ষ্মীনারায়ণ কটন মিলে নারীসহ শেয়ারহোল্ডারদের উপর হামলার প্রতিবাদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৬, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:২৫, ২৬ জুলাই ২০২৬

লক্ষ্মীনারায়ণ কটন মিলে নারীসহ শেয়ারহোল্ডারদের উপর হামলার প্রতিবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বেসরকারী করণকৃত নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটির অভ্যন্তরে বালু ফেলতে বাধা দেয়ায় নারীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন শেয়ারহোল্ডাররা। 

মানববন্ধনে শেয়ারহোল্ডাররা বলেন,  নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটির শেয়ারহোল্ডাররা দীর্ঘদিন ধরেই অবৈধ দখলদার নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে মিলটি দখলে নেয়ার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছে। মিলটির একজন বিনিয়োগকারী নিয়োগের কথা বলে প্রতারণার মাধ্যমে ৪৭৩ টি শেয়ার হাতিয়ে নিয়ে নিট কনসার্ন গ্রুপের কাছে বিক্রি করে দেয়া হয়।

অথচ মিলটির শেয়ার বিক্রি করা আইনগতভাবে বৈধ নয়। আনুমানিক মূল্য ৭০০ কোটি টাকা হলেও মাত্র ৩৫ কোটি টাকায় মিলটি দখলে নেয় নিট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা ও তার লোকজন। ৫৩ জন শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে রাজী না হওয়ায় তাদের উপর গত ১৫ বছর ধরে চালানো হয়েছে নির্যাতনের স্টীম রোলার।  মিলের ভেতরে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করা ছাড়াও একাধিক পুকুর ভরাট করে ফেলা হয়েছে। মিলের ভেতরের দীর্ঘদিনের পুরনো মন্দিরটিও ভেঙ্গে ফেলা হয়েছে।

গত মঙ্গলবার রাতে মিলটির অভ্যন্তরে শেয়ারহোল্ডারদের কলোনী সংলগ্ন মসজিদের পাশে বালু ফেলতে শুরু করে দখলদার নিট কনসার্ন গ্রুপের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী। এসময় কলোনীর নারী ও পুরুষরা তাদের বাধা দিতে আসলে সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করেনি। বরং সন্ত্রাসীরা তাদেরকে অব্যাহত হুমকী দিয়ে যাচ্ছে। এতে শেয়ারহোল্ডার ও পরিবারের সদস্যরা আতঙ্কে দিনযাপন করছেন। 

স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন