নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

প্রতিটি পরিবারকে সুস্থ রাখাই আমাদের লক্ষ্য : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৪, ২৮ জুলাই ২০২৬

প্রতিটি পরিবারকে সুস্থ রাখাই আমাদের লক্ষ্য : সাখাওয়াত

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমরা চাই না আপনারা অসুস্থ হন। কোনো শিক্ষার্থী অসুস্থ থাকলে সে পড়ালেখায় মনোযোগ দিতে পারে না। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারকে সুস্থ রাখা।”

‎‎মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

‎‎সাখাওয়াত হোসেন খান বলেন, অনেক পরিবারের ছোট ভাই-বোন হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, এমনকি মৃত্যুবরণও করেছে। তাই শিক্ষার্থীদের সুস্থ রাখতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

‎তিনি বলেন, “আমি এখানে এসেছি তারেক রহমানের নির্দেশে। আপনাদের সভাপতিও সেই নির্দেশে এসেছেন। আমাদের উদ্দেশ্য হলো প্রতিটি পরিবারকে সুস্থ রাখা এবং সচেতনতা বৃদ্ধি করা।”

‎‎শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমরা আমার সন্তানতুল্য। জীবনের এই সময়টাই ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং সময়ের সঠিক ব্যবহার করবে।”

‎‎পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে নাসিক প্রশাসক বলেন, নিজেদের ঘরবাড়ি ও আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসার টয়লেট নিয়মিত ব্যবহার না হলেও ফ্লাশ করতে হবে, যাতে কোথাও জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার না হয়। শিক্ষার্থীদের হাতে দেওয়া সচেতনতামূলক লিফলেট মনোযোগ দিয়ে পড়ারও আহ্বান জানান তিনি।

‎‎এ সময় উপস্থিত ছিলেন মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বেপারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব নুসরাত রেবেকাসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন