শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৫৬, ৩১ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) পবিত্র জুম্মার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লীদের সামনে দুই সদস্যের এই কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
কমিটিতে নাসিক প্রশাসককে সভাপতি এবং স্থানীয় সমাজসেবক মোস্তফা কন্ট্রাক্টারকে সাধারণ সম্পাদক করা হয় এবং খুব শীঘ্রই সকলের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সবাইকে অনুরোধ করেন সিটি প্রশাসক এডভোকেট সাখাওয়াত।
এ সময় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি এই মসজিদের সভাপতি হতে চাইনি।
স্থানীয় সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী আবু সিদ্দিক সাহেবকে সভাপতি এবং মোস্তফার কন্টাকটার সাহেবকে সাধারণ সম্পাদক করতে চেয়েছিলাম কিন্তু ব্যক্তিগত কারণে সিদ্দিক সাহেব সভাপতি হতে অপারগতা প্রকাশ করেন।
তাই আমি আপাতত সভাপতির দায়িত্ব গ্রহণ করলাম কিন্তু অত্র মসজিদের মুসল্লিদেরকে অনুরোধ করবো আপনারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে একজন যোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করুন এবং সে পর্যন্ত আমি সভাপতির দায়িত্ব পালন করব।
পবিত্র জুম্মার নামাজ শেষে নাসিক প্রশাসক মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মসজিদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে মসজিদের দেয়ালের টাইলস গুলো ঙেঙে যাওয়ায় তা দুটোই দ্রুতই মেরামতের ব্যবস্থা করবেন বলে জানান।
এছাড়াও মসজিদের যেকোনো উন্নয়ন কাজে সিটি কর্পোরেশন সবসময় সচেষ্ট থাকবে বলেও আশ্বস্ত করেন সবাইকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কন্টাক্টার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হানসহ মসজিদের মুসল্লীবৃন্দ।