নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জমি কিনে সর্বস্বান্ত পরিবার : প্রাণনাশের হুমকির অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৯, ২ আগস্ট ২০২৬

জমি কিনে সর্বস্বান্ত পরিবার : প্রাণনাশের হুমকির অভিযোগ

জমি কিনেও বছরের পর বছর তা বুঝে না পাওয়া, উল্টো নানা ভয়ভীতি, মারধর, ঘরবাড়ি ভাঙচুর এবং গৃহবন্দী করে রাখার মারাত্মক অভিযোগ উঠেছে এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ শহরের ১৭নং ওয়ার্ডস্থ জলারপাড় মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী গালিব হাসান জানান, তার প্রয়াত পিতা আব্দুল খালেক সরদার ২০১২ সালে আলী খোকন, সানোয়ার সানা ও কামরুজ্জামানের কাছ থেকে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ২০ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ২০১৭ সালে মিনা বেগম, রুমা বেগম ও জেসমিনের কাছ থেকে আরও ১৫ শতাংশ জমি ছাপ্পান্ন লক্ষ টাকায় ক্রয় করেন।

পিতার মৃত্যুর পর থেকে অভিযোগকারীরা জমি বুঝে পাচ্ছেন না। গালিবের মায়ের পাওনা টাকা পরিশোধের কথা বলে মূল দলিল হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল ও বিয়ের নাটক সাজিয়ে নথিপত্র আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

এমনকি সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে মূল দালিলের পরিবর্তে একটি ফটোকপি ধরিয়ে দেওয়া হয় এবং অন্য একটি অরিজিনাল স্ট্যাম্প ছিঁড়ে ফেলা হয়।

ক্রয়কৃত মোট ৩৫ শতাংশ জমির মধ্যে মাত্র ২ শতাংশের কম জায়গায় পরিবারটি বসবাস করছে, বাকি জমি হস্তান্তর করা হয়নি। উল্টো পরিবারটির ওপর একাধিকবার হামলা, মারধর ও ঘরবাড়ি ভাঙচুর চালানো হয়েছে।

ভুক্তভোগী জানান, সম্প্রতি তাদের বসতঘরে তালা মেরে বন্দি করে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদের এক আত্মীয় এসে তালা ভেঙে তাদের উদ্ধার করেন। বর্তমানে তাদের বিদ্যুৎ ও সুপেয় পানির লাইন কেটে দেওয়া হয়েছে এবং এলাকায় যাতায়াত করলে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

ঘটনার সুবিচারের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় প্রায় ৭ থেকে ৮ বার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরব ভূমিকা পালন করে চলে আসে বলে দাবি করেন ভুক্তভোগী। 

তৎকালীন স্থানীয় কাউন্সিলর আব্দুল করিম বাবুর কাছে প্রতিকার চাইতে গেলে উল্টো কোটি টাকার সম্পদ মাত্র ১০ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। 

এছাড়া সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা অভিযুক্তদের একাধিকবার তলব করলেও তারা উপস্থিত হননি। সর্বশেষ এ ঘটনায় রোববার (২ আগস্ট) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী গালিব।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারি কর্মকর্তা এসআই শাখাওয়াত বলেন, আমি এখন থানার বাইরে। শুনেছি অভিযোগ হয়েছে। থানায় গিয়ে অভিযোগটি হাতে পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। তারা হয় তাদের ক্রয়কৃত জমি পূর্ণাঙ্গভাবে বুঝে পেতে চান, অন্যথায় সমুদয় অর্থ ফেরত পাওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন