শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩০, ৪ আগস্ট ২০২৬
ফুটপাত থেকে হকার উৎখাত নারায়ণগঞ্জ শহরবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন। আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করার পরই এই দুর্ভোগ থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
যার লক্ষ্যে গত এপ্রিলে হকার উচ্ছেদ কর্মসূচি ঘোষণা করে এবং গত ১৩ এপ্রিল হকার উচ্ছেদে অভিযান চালানো হয়। কিন্তু এর কিছুদিন পরেই হকারদের পুনর্বাসনের দাবির দোহাই দিয়ে আন্দোলন শুরু করে হকার সিন্ডিকেট।
এক পর্যায়ে নাসিক প্রশাসক প্রাথমিকভাবে হকারদের পুনর্বাসনের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ২ নং রেল গেইট থেকে চাষাঢ়া পর্যন্ত অংশে রেললাইনের পাশের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জায়গাটিকে নির্ধারণ করেন।
এমনকি সেই জমিতে গত কয়েকদিন যাবত বালু ফেলে ইট বিছিয়ে প্রস্তুতের কাজও শুরু করে। তবে যেহেতু জায়গাটি রেল বিভাগের তাই রেল কর্তৃপক্ষ তাতে সরাসরি বাধা প্রদান করে।
এরই মধ্যে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেইট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন (ডাবল রেললাইন) প্রকল্পের পরিচালক মোহাম্মদ সেলিম রউফের নেতৃত্বে রেলওয়ে পুলিশের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
যেখানে রেললাইনের দুইপাশে গড়ে ওঠা বিদ্যমান অবৈধ স্থাপনাগুলো এক্সাভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার সাথে সাথে রেলের জমিতে সিটি কর্পোরেশনের চলমান হকার পুনর্বাসনের কাজে বিছানো ইটও তুলে ফেলেন রেলওয়ের উচ্ছেদ কর্মীরা।
বিষয়টি নিয়ে গতকাল সকালে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানের মধ্যে বাক-বিতন্ডাও হয়। যার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে যায়।
নারায়ণগঞ্জবাসীর মতে, নারায়ণগঞ্জের ফুটপাতে হকার একটি চলমান প্রক্রিয়া। এদের উচ্ছেদ করা হলেও কিংবা পুনবার্সনের চেষ্টা করা হলেও পরবর্তীতে আবারও শহরের ফুটপাতে তার কয়েকগুণ হকার চলে আসে।
এমনকি এসব হকারগণ তাদের পরিবারের অন্যান্য সদস্য সহ এলাকার আত্মীয় স্বজনকেও এই পেশায় নিয়ে এসে দাঁড় করায়। ফলে তাদের পুনর্বাসনে নিয়োজিত কর্তৃপক্ষকে বিড়ম্বনায় পড়তে হয়।
এমনকি বিভিন্ন সময় এসব হকারদের স্থানীয় প্রভাবশালী কিছু নেতা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যও ব্যবহার করে। ফলে তারাও চায় না যে, নারায়ণগঞ্জ শহর হকারমুক্ত হোক। তাইতো শহরবাসী সব সময়ই বলে আসছে পুনর্বাসন সহ কোন প্রকার পূর্ব শর্ত ছাড়াই হকারদের উচ্ছেদ করতে না পারলে এই সমস্যার সমাধান হবে না।
যার প্রমাণ হিসেবে নাসিকের হকার উচ্ছেদে চালানো অভিযানে নারায়ণগঞ্জের সকল শ্রেণির মানুষের উপস্থিতি দেখা যায়।