নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বোস কেবিনে আড্ডা দিতে এসে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:৩৮, ৬ আগস্ট ২০২৬

বোস কেবিনে আড্ডা দিতে এসে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জের শতবর্ষী ঐতিহ্যবাহী বোস কেবিনে আড্ডা দিতে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি বোস কেবিনে উপস্থিত হয়ে নিয়মিত আগত দর্শনার্থী ও ভোক্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় কেবিনের আশপাশের এলাকা অপরিচ্ছন্ন দেখে তিনি তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন এবং নিজেও এতে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আড্ডার একপর্যায়ে প্রশাসকের নজরে আসে বোস কেবিনের পাশের এলাকার নোংরা পরিবেশ। পরে তিনি নাসিকের পরিচ্ছন্নতা কর্মকর্তাদের ডেকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিচ্ছন্নতা কর্মীরা কাজ শুরু করলে প্রশাসক নিজেও কার্যক্রমে অংশগ্রহণ করেন।

বোস কেবিনে নিয়মিত আসা শহর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ইফতেখার কায়েস রোমেল বলেন, আমরা সকালের নাস্তা শেষে আড্ডা দিচ্ছিলাম। এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান সেখানে এসে আমাদের সঙ্গে শহরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে আশপাশের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি হতাশা প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রশাসক বোস কেবিনের ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, এটি নারায়ণগঞ্জের গৌরবময় ইতিহাসের অংশ। তাই এর পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি পাশের মার্কেটের মালিকদেরও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

বোস কেবিনের বর্তমান স্বত্বাধিকারী নির্মল চন্দ্র দাস বলেন, প্রশাসক সাহেব মাঝেমধ্যে এখানে আসেন এবং সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। আজ তিনি আশপাশের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি সেখানে গাছ লাগানোরও পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বোস কেবিন নারায়ণগঞ্জের ঐতিহ্যের অংশ। অতীতে এখানে বহু খ্যাতিমান ব্যক্তি এসেছেন, এখনও আসেন। এ ধরনের ঐতিহ্যবাহী স্থানের পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির প্রবীণ নেতা জামাল উদ্দিন কালু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং অন্যান্য নেতাকর্মী।

উল্লেখ্য, ১৯২১ সালে নৃপেণ চন্দ্র বসু (ভুলবাবু) নারায়ণগঞ্জ শহরে বোস কেবিন প্রতিষ্ঠা করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্দোলন-সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র বোস কেবিনের ঠিকানায় পাঠানো হতো এবং সেখান থেকে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হতো। পরবর্তীতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ও স্থানটি সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।

বোস কেবিনে আড্ডা দেওয়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। বর্তমানে ব্যবসায়ী নির্মল চন্দ্র দাস ‘নিউ বোস কেবিন’ পরিচালনা করছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন