নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের উন্নয়নে আমি ব্যবসায়ীদের পাশে আছি : এমপি আজাদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৬, ৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের উন্নয়নে আমি ব্যবসায়ীদের পাশে আছি : এমপি আজাদ

নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও শিল্পখাতের বিকাশে ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

‎‎শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের উদ্যোগে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎‎এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া নারায়ণগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও জেলার সার্বিক উন্নয়নে চেম্বার বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে।

‎‎তিনি বলেন, “নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হিসেবে আমি বলতে চাই, নারায়ণগঞ্জ চেম্বারের যেকোনো কার্যক্রমে আমি সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসহ চেম্বারের সব সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করব। আমরা সবাই একসঙ্গে একটি সুন্দর ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। এর জন্য যা যা করা দরকার, আমরা তা করব।”

‎‎আজাদ আরও বলেন, নারায়ণগঞ্জের যেকোনো উন্নয়নমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করার পাশাপাশি চেম্বার অব কমার্সের মাধ্যমে জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যবসায়ী সমাজ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎‎তিনি বলেন, “নারায়ণগঞ্জের উন্নয়নে নিজেদের যেভাবে সম্পৃক্ত করা যায়, আমরা সেভাবেই কাজ করব। সামগ্রিকভাবে ভূমিকা রেখে নারায়ণগঞ্জ চেম্বারের মাধ্যমে জেলার উন্নয়ন কীভাবে ত্বরান্বিত করা যায়, তা নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।”

‎‎এ সময় তিনি দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎‎নজরুল ইসলাম আজাদ বলেন, “আমরা অবশ্যই আশাবাদী যে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে এবং সব ধরনের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব। একই সঙ্গে নারায়ণগঞ্জের উন্নয়ন পরিকল্পিতভাবে বাস্তবায়ন করে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলব। দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে নারায়ণগঞ্জকেও যুক্ত করব, ইনশাআল্লাহ।”

‎‎নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ২ আসনের (আড়াইহাজার) সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ,নারায়ণগঞ্জ ৫ আসনের (সদর-বন্দর) সংসদ সদস্য আবুল কালাম নারায়ণগঞ্জ- ৩ আসনের (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪ আসনের (ফতুল্লা) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, বিকেএমইএ’র সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ,নারায়ণগঞ্জ ৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র সহ- সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক মুজিবুর রহমান,আহমেদুর রহমান তনু প্রমুখ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন