শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৩, ৮ আগস্ট ২০২৬
গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এক মঞ্চে অবস্থান গ্রহণ করলেন নারায়ণগঞ্জের বিভিন্ন আসন থেকে নির্বাচিত পাঁচ সংসদ সদস্য। বিষয়টিকে সাধুবাদ জানিয়ে এই ঐক্য নারায়ণগঞ্জের উন্নয়ন কাজকে তরান্বিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জবাসী।
একই সাথে পাঁচ সংসদ সদস্যের একসঙ্গে কাজ করার এই অঙ্গীকার নারায়ণগঞ্জের ব্যবসা ও শিল্পখাতের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে বলে মনে করছেন ব্যাবসায়ী ও রাজনৈতিক দলগুলোর নেতারা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য আবুল কালাম।
মতবিনিময় সভায় এই পাঁচ সাংসদ নারায়ণগঞ্জের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জেলার সামগ্রিক স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলার শিল্প ও বাণিজ্য খাতের বিভিন্ন সমস্যা, ব্যবসায়ীদের নিরাপত্তা, কর ও রাজস্বসংক্রান্ত জটিলতা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে চেম্বারের সমন্বয় এবং নারায়ণগঞ্জের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা পুরো জেলার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নারায়ণগঞ্জের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জকে আরও সুন্দর ও ব্যবসাবান্ধব করতে পরামর্শ দেওয়া হয়।
এছাড়া দেশের অর্থনীতিতে নারায়ণঞ্জের গুরুত্বপূর্ণ অবদান আছে উল্লেখ করে জেলার অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়াতে ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় করে নারায়ণগঞ্জকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
সংসদ সদস্যরা জেলার বিভিন্ন এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানো, নারায়ণগঞ্জের সামগ্রিক স্বার্থে পাঁচ সংসদ সদস্যের একসঙ্গে কাজ করার অঙ্গীকার, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সহ জেলার যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে পাঁচ সংসদ সদস্যের মধ্যে সমন্বয় রেখে নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করার প্রত্যয় ও প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু প্রমূখ।