শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৩, ৮ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেছেন, ঐক্যের ভিত্তিতেই আমরা নারায়ণগঞ্জকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবো। রাজনৈতিক মতপার্থক্য আমাদের থাকতেই পারে, কিন্তু নারায়ণগঞ্জ শহরকে সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য করে তোলার প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই।
শনিবার (৮ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে নারায়ণগঞ্জ জেলার সংসদ সদস্য ও ব্যাবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।
এমপি আলআমিন বলেন, নারায়ণগঞ্জ অত্যন্ত জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়া সত্ত্বেও এখনো এটি ক্যাটাগরি-১ শ্রেণির জেলার মর্যাদা পায়নি। গাজীপুরের মতো নারায়ণগঞ্জেও ‘মেট্রোপলিটন পুলিশ’ সার্ভিস চালু করা এবং ঢাকা মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা জরুরি।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি বছরের পর বছর জলাবদ্ধ ও অবহেলায় পড়ে থাকে। এর ঐতিহ্য ফিরিয়ে আনতে চেম্বার ও বিসিবির পরিচালকদের সঙ্গে নিয়ে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, এই দলমত নির্বিশেষের সুন্দর সম্পর্কটাই আগামী দিনের শান্তিময় ও বৈষম্যহীন নতুন নারায়ণগঞ্জের মূল শক্তি হবে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে সুসম্পর্কের সুফল জেলাবাসী পাবেন। আমাদের মধ্যে অত্যন্ত চমৎকার একটি ওয়ার্কিং রিলেশন তৈরি হয়েছে।
যেমন সিনিয়র সংসদ সদস্য আবুল কালামের কাছ থেকে আমি সংসদীয় অভিজ্ঞতা শিখি, আবার নারায়ণগঞ্জের কাজের প্রয়োজনে সরকারি দলের সংসদ সদস্য দিপু ভাইয়ের সহযোগিতায় বিভিন্ন মন্ত্রণালয়ে একযোগে তদারকি করি।
তিনি আরও বলেন, পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যখন দেশে কোনো জনপ্রতিনিধি ছিল না এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি কার্যকর ছিল না, তখন স্থানীয় ব্যবসায়ী সমাজই নারায়ণগঞ্জের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামলে নিয়েছিলেন।