শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৬, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪২, ১১ আগস্ট ২০২৬
প্রিপেইড মিটার বাতিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতার দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও গণমিছিল করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি গণমিছিল শহীদ মিনার থেকে বের হয়ে কালীবাজার প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অযৌক্তিক স্ল্যাব ও প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা চাপানো হচ্ছে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের না জানিয়ে পুরোনো মিটার খুলে প্রিপেইড মিটার স্থাপনেরও অভিযোগ করেন তারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, প্রিপেইড মিটার প্রত্যাহার ও অতিরিক্ত বিলের সমস্যা সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি জানান, ১২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও গণকমিটি গঠন, ২৫ আগস্ট প্রেস ক্লাবের সামনে গণঅনশন এবং ১ সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রিপেইড মিটারে রিচার্জের সময় সার্ভিস চার্জ ও ভ্যাটের নামে অর্থ কেটে নেওয়া হচ্ছে। অবিলম্বে নারায়ণগঞ্জসহ সারা দেশে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানান তিনি।
তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। ডিপিডিসির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আপাতত প্রিপেইড মিটার স্থাপন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।