শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৮, ১৭ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিওিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্দেশিকা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলা ও ইউনিয়নের আওতায় রোডের কোর নেটওয়ার্ক চিহ্নিত ও যাচাই করা, সামাজিক অবস্থার ভিত্তিতে উন্নয়নের জন্য রাস্তাগুলোর অগ্রাধিকার তালিকা তৈরি করা, মাঠ পর্যায়ে সঠিক তথ্য ও মতামত সংগ্রহ করে ডাটাবেজ আপডেট করা এবং জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন গ্রামীণ কাঠামোর উন্নয়ন ও বিভিন্ন বিষয় তুলে ধরে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও গ্রামীণ সড়কের উন্নয়ন, কোর রোড নেটওয়ার্কের গুরুত্ব, সড়ক অগ্রাধিকার নীতিমালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত বলেন, টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনার জন্য কোর রোড নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু এলাকার যোগাযোগ ব্যবস্থায় উন্নত হবে না, বাণিজ্য সহ স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম আরো গতিশীল হবে।
আয়োজনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ইউপি সদস্য মাইনুদ্দিন, সাংবাদিক শহীদুল্লাহ রাসেল প্রমুখ।
আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী অধিদপ্তর, স্থানীয় প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।