নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জিউস পুকুরটি ব্যবহার উপযোগী ও দৃষ্টিনন্দন করা হবে : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১০, ১৮ আগস্ট ২০২৬

জিউস পুকুরটি ব্যবহার উপযোগী ও দৃষ্টিনন্দন করা হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের শহরে শিশু-কিশোরদের বিনোদনের তেমন কোনো জায়গা নেই।

এ কারণে ঐতিহাসিক জিউস পুকুরটি দেড় কোটি টাকা ব্যয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করা হবে। পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে জায়গাটিকে দৃষ্টিনন্দন করা হবে, যাতে শিশু-কিশোররা খেলাধুলা ও বিনোদনের সুযোগ পায়।

সোমবার (১৮ আগস্ট) সকালে শহরের পশ্চিম দেওভোগ ভূঁইয়ার বাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাইস্কুল মিলনায়তনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ  টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম, ডা. মোস্তফা, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নবী হোসেন, মনির হোসেন খান এবং বিদ্যানিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় সাসিক প্রশাসক আরও বলেন, বাইরে থেকে এই টিকা কিনতে প্রায় ১ হাজার ৫০০ টাকা খরচ হয়। তাই সিটি করপোরেশন বিভিন্ন স্কুলে ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। 

জরায়ুমুখ ক্যান্সারের মতো ঘাতক রোগ প্রতিরোধে সব অভিভাবককে সন্তানদের টিকা দেওয়ার বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে ক্যান্সার একটি ভয়াবহ মরণব্যাধি হিসেবে ধীরে ধীরে বিস্তার লাভ করছে। এর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সিটি করপোরেশন সরকারের সহযোগিতায় ১০ থেকে ১২ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকা প্রদান করছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করে সাখাওয়াত হোসেন বলেন, আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সিটি করপোরেশন কাজ করছে। তবে শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এজন্য নগরবাসীকেও সচেতন হতে হবে।

তিনি নগরবাসীর প্রতি নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন