শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:০৯, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০৯, ২০ আগস্ট ২০২৬
ভূমিসেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি প্রশাসন নিশ্চিতে ভূমি মন্ত্রণালয়ের দেওয়া ১৪ দফা নির্দেশনা শতভাগ বাস্তবায়নে সর্বোচ্চ তদারকি চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স অনুবিভাগ গত ১২ আগস্ট সব জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন-পৌর ভূমি অফিস নিয়মিত মনিটরিংয়ের নির্দেশ দেয়।
চিঠিতে ভূমিসেবার গুণগত মান বৃদ্ধি, দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সার্বিক তত্ত্বাবধানের কথা বলা হয়।
নির্দেশনা পাওয়ার আগেও ডিসি মো: রায়হান কবির জেলার বিভিন্ন ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করে সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা দেন। নির্দেশনা পাওয়ার পর তিনি মনিটরিং আরও জোরদার করেছেন।
১৪ দফা নির্দেশনার মূল বিষয়গুলি হল :
কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিতকরণ, নামজারি-খতিয়ান-ভূমি উন্নয়ন করসহ সব সেবা নির্ধারিত সময়ে নিষ্পত্তি, অনলাইন ও ই-নামজারি সেবার কার্যকারিতা পর্যালোচনা, দালাল ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সেবার ফি ও প্রক্রিয়া দৃশ্যমান প্রদর্শন, অফিসের পরিচ্ছন্নতা ও রেকর্ড ব্যবস্থাপনা, আইটি সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, আকস্মিক পরিদর্শন এবং প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মনিটরিং প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, সরকারের লক্ষ্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী ভূমি প্রশাসন প্রতিষ্ঠা করা।
নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই আমি ভূমি সেবা সহজলভ্য করতে কাজ করছি। নতুন নির্দেশনার আলোকে আমরা আরও কঠোরভাবে মনিটরিং করছি, যাতে সেবাপ্রার্থীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত কাঙ্ক্ষিত সেবা পান।
তিনি আরও বলেন, গুরুতর অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে মাঠ পর্যায়ে ভূমিসেবার গুণগত মান আরও উন্নত হবে এবং নাগরিক ভোগান্তি কমবে বলে আশা করছে প্রশাসন।