নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৭, ২৪ আগস্ট ২০২৬

প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা

‘প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার প্রতিটি উপজেলা থেকে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের দল অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর রেজা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, নারায়ণগঞ্জ ডিএসবি’র ডিআইও-১ সাইফুল ইসলাম সবুজ, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী ও সহকারী কমিশনার সুরাইয়া আশরাফীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

সভায় জানানো হয়, জেলার প্রতিটি উপজেলা থেকে মাধ্যমিক পর্যায় থেকে ১টি এবং কলেজ পর্যায় থেকে ১টি করে দল জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 

প্রতিযোগিতার নীতিমালা অনুযায়ী: অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। কোনো শিক্ষার্থী একাধিক প্রতিষ্ঠানের হয়ে খেলতে পারবে না। অনুমোদিত তালিকার বাইরে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রধানমন্ত্রী জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা তৃণমূল থেকে খেলোয়াড় বাছাইয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। নারায়ণগঞ্জে খেলার প্রচুর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জেলা থেকে সেরা দল জাতীয় পর্বে পাঠানোই হবে আমাদের লক্ষ্য।

এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় প্রতিযোগিতার ভেন্যু, বিচারক প্যানেল গঠন, প্রচার-প্রচারণা ও উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে উপজেলা পর্যায়ের বাছাইপর্ব শেষ করে জেলা পর্ব আয়োজনের নির্দেশ দেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে ‘প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হবে।

 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন