শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৫, ২৭ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা আগামী এক সপ্তাহে ৫০ হাজার বৃক্ষ রোপন করবো।
আজকে থেকে এ কার্যক্রম শুরু হলো, পর্যায়ক্রমিক ভাবে তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে চলমান থাকবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছগুলো যাতে কেউ নষ্ট করতে না পারে, সেদিকেও এলাকার বাসিন্দাদের নজর রাখতে হবে।
তিনি বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো বড় হয়ে ভবিষ্যতে ফল দিলে এলাকার মানুষও এর সুফল ভোগ করবেন। এ লক্ষ্যেই বিভিন্ন স্থানে ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচির কথা উল্লেখ করে রোপণ করা গাছের যত্ন নেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ১ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।