শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০০, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:১২, ৩১ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সড়ক ও রেলপথ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটি করা এবং নারায়ণগঞ্জ জেলাকে বি ক্যাটাগরি থেকে এ অথবা বিশেষ ক্যাটাগরিতে উন্নীত করা এটা জনপ্রতিনিধিসহ সকলের দাবি।
নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন মাদকের সঙ্গে যারাই সম্পৃক্ত থাকবে তাদেরকে ছাড় দেয়া হবেনা। তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তির আইন প্রনয়নে সরকার কাজ করছে। বিগত দিনে নারায়ণগঞ্জে খুনের কালচার ছিল। সেসব ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কাজ করছেন। আমাদেরকেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অনেকেই সরকারকে প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করছে। তাদেরকে সরকার কোনভাবে ছাড় দিবেনা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নাসিকের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ আরো অনেকে।