নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৩, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৩, ২ সেপ্টেম্বর ২০২৬

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ এবং চোখের ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করেছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। ‎‎

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার সহিতুন্নেছা লায়ন্স চক্ষু হাসপাতালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সার্বিক তত্ত্বাবধানে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা সারাফ আনিকা ইসলাম।

‎এ সময় তারা ছানি অপারেশন কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।

‎‎প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন নারায়ণগঞ্জের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঈদে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ, অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতাসহ মানুষের বিপদ-আপদে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‎‎তিনি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ এবং চোখের ছানি অপারেশনের মতো একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের কার্যক্রম সমাজের অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী।

‎‎তিনি আরও বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জজুড়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি মোস্তাফিজুর রহমানের রুহের মাগফিরাত এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

‎‎মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা সারাফ আনিকা ইসলাম বলেন, আল্লাহর অশেষ রহমতে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের জন্য কিছু করতে পারছি, এটাই আমাদের সৌভাগ্য।

ছানি অপারেশনের পর কোনো রোগীর সমস্যা হলে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।

‎‎তিনি বলেন, আমার প্রয়াত শ্বশুর মোস্তাফিজুর রহমানের নামে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে তাঁর স্বামী রাকিবুল ইসলাম রাকিব ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও তারা মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

‎‎এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, যুবদল নেতা ইমরান কাউসারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন