নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় যুবককে গুলি করে হত্যা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:২৭, ৫ সেপ্টেম্বর ২০২৬

শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় মাদক কারবারের অভ্যন্তরীণ বিরোধের জেরে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার গভীর রাতে চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব থানার মতলব বাজার এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শুভ দাসের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত চার থেকে ৫টি মামলা রয়েছে। মরদেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। একইসঙ্গে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন