নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মদ্যপ অবস্থায় না’গঞ্জ সদর নৌপুলিশের অসংলগ্ন আচরণ, ভিডিও ভাইরাল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২৬

মদ্যপ অবস্থায় না’গঞ্জ সদর নৌপুলিশের অসংলগ্ন আচরণ, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাটে নারায়ণগঞ্জ সদর নৌ থানার এএসআই মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসম্মুখে অসংলগ্ন আচরণ করার অভিযোগ উঠেছে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। ‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো এক সময় ঘটনা ঘটে বলে জানা গেছে। 

ভিডিওর সূত্র ধরে সেন্ট্রাল খেয়াঘাটের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে বন্দর খেয়াঘাটে গিয়ে মদ্যপ অবস্থায় মাতলামি শুরু করেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার সহকারী উপপরিদর্শক( এএসআই) আব্দুল মান্নান। এসময় তিনি নিজের এবং সেখানে উপস্থিত দুই ব্যক্তির মোবাইল ফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে।‎

‎একইসঙ্গে ঘাটে টাকা রাখার একটি বাক্স থেকে টাকা নিয়ে আশপাশে ছড়িয়ে দেন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে উপস্থিত জনতা তাকে আটকে রাখে। পরে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেওয়ার কথা বলেন এএসআই মান্নান।‎ ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই আব্দুল মান্নানকে গালাগালি ও গান গাইতেও শোনা যায়। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আশেপাশের লোকজন তাকে ‘মাদক সেবন করেছেন কিনা’ জানতে চাইলে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, তার স্ত্রী তাকে ‘জুতা’ দিয়ে মেরেছেন। এই কারণে তিনি এমন আচরণ করছেন।

সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান বলেন, আব্দুল মান্নান থানার কোয়ার্টারে থাকতেন। তার স্ত্রী সিলেটের গ্রামের বাড়িতে থাকেন। গতরাতে মুঠোফোনে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার পরই তিনি এমন ঘটনা ঘটান।  মান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পুলিশ।  

‎নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, বর্তমানে এএসআই মান্নানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন