নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন

মাদক ব্যবসার আধিপত্য নিয়ে চাষাড়ায় শুভ হত্যা, গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৬

মাদক ব্যবসার আধিপত্য নিয়ে চাষাড়ায় শুভ হত্যা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ শহরে মাদক কারবারি শুভ চন্দ্র দাসকে গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হত্যার পরিকল্পনাকারী হিসেবে অনিক ও সুমনের নাম উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), সিয়াম আহমেদ সিজান (২১) ও মোঃ সোহান (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে শহরের চাষাড়ায় হকার্স মার্কেটের পেছনে দুর্গামন্দিরের সামনের রাস্তা থেকে শুভ চন্দ্র দাসের (৩০) গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। 

এঘটনার পরপরই ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল তদন্তে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গুলি করা প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর মাদক ব্যবসায়ী ফতের বাড়িতে ডিবির অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে শুভ তথ্যদাতা (ইনফর্মার) হিসেবে কাজ করেছে বলে সন্দেহ করে চক্রটি।

মূলত এই সন্দেহ এবং মাদক ব্যবসার আধিপত্য নিয়ে পুরোনো বিরোধের জের ধরে অনিক ও সুমন মিলে শুভকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন মাত্র ১০টি ইয়াবার বিনিময়ে শুভর সহযোগী মাদক ব্যবসায়ী সোহানকে হাত করে তাকে ডেকে আনা হয়। এরপর অনিক ও অহিদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে হামলা চালায়।

হামলার সময় অনিক ও অহিদ সরাসরি গুলি চালান এবং দলের বাকি সদস্যরা ছুরি দিয়ে শুভর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, ঘটনার রহস্য উদঘাটন ও মূল আসামিদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন