নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শামীম ওসমানসহ চিহ্নিত আসামিদের বিচারকাজ শুরু করতে হবে : এড. মাসুম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫১, ৮ সেপ্টেম্বর ২০২৬

শামীম ওসমানসহ চিহ্নিত আসামিদের বিচারকাজ শুরু করতে হবে : এড. মাসুম

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে শামীম ওসমানসহ চিহ্নিত আসামিদের নাম অন্তর্ভুক্ত করে অবিলম্বে বিচারকাজ শুরু করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬২ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি এ দাবি জানান। সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, মাসের পর মাস, বছরের পর বছর তারা প্রতি মাসের ৮ তারিখে ত্বকী হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে ত্বকী হত্যার বিচারের পক্ষে কথা বলেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তদন্ত শেষ হওয়ার পরও রহস্যজনক কারণে আদালতে চার্জশিট দাখিল করা হচ্ছে না।

তিনি বলেন, তৎকালীন সরকারের মদদে সংঘটিত এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শামীম ওসমানসহ চিহ্নিত আসামিদের নাম অন্তর্ভুক্ত করে অবিলম্বে বিচারকাজ শুরু করতে হবে।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাসুম আরও বলেন, জনগণ একটি গণতান্ত্রিক সরকারের কাছে আইনের শাসন ও ন্যায়বিচার প্রত্যাশা করে। বিচারহীনতার অপসংস্কৃতি দূর করতে ত্বকীসহ চঞ্চল ও মিঠু হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জকে অবহেলিত না রেখে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ত্বকী হত্যার বিচার শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান তিনি।

সংগঠনের সভাপতি মনি সুপন্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ত্বকীর পিতা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জিয়াউল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস, বাসদ জেলা সদস্য প্রদীপ সরকার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য আহমেদুর রহমান তনু, আবৃত্তিশিল্পী ফাহমিদা আজাদ এবং সামাজিক সংগঠন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ্র সাহা।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন