শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৪:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের ফলাফলে আমরা গর্বিত। মেধাবীদের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ আছে এবং থাকবে। আমরা নেগেটিভ নারায়ণগঞ্জ নয়, পজিটিভ নারায়ণগঞ্জ চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ ও ২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৭১ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও এককালীন নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফলজ গাছের চারা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নারায়ণগঞ্জকে ঘিরে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, মেধাবী তরুণদের হাত ধরে সেই ধারণা পরিবর্তন করতে হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বোর্ড পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রথম হবে, ইনশাআল্লাহ।
মামুন মাহমুদ বলেন, শিক্ষা, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে যারা প্রতিভাবান, তাদের খুঁজে বের করে সম্মানিত করা হবে। মেধাবীদের জন্য জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের নানা ধরনের কর্মসূচি রয়েছে। তার মধ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করা ও মেধার বিকাশে সহায়তা করা অন্যতম। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারায়ণগঞ্জ অনেক পিছিয়ে রয়েছে। অথচ আমাদের লিড দেওয়ার সক্ষমতা রয়েছে। সেই ধারণা থেকেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।’
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাশফাকুর রহমান বলেন, আমাদের নিজেকে প্রশ্ন করতে শিখতে হবে। নিজেকে জানতে হবে। নিজের ভেতর থেকেই সবকিছু জানার ও বোঝার চেষ্টা করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা হিসেবে প্রত্যেকের হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় ১২০২ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী বায়েজিদ ইবনে ওবায়েদ বলেন, নিজ জেলার জেলা পরিষদ থেকে এ ধরনের সংবর্ধনা পাওয়া আমার জন্য গর্বের বিষয়। আমার এই ফলাফলের পেছনে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
আরেক কৃতি শিক্ষার্থী সাদিয়া চৌধুরী বলেন, এটি আমাদের জন্য শুধু সংবর্ধনা নয়, ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা। এই সংবর্ধনা আমাদের দায়িত্বও আরও বাড়িয়ে দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অমিত হাসান বলেন, এ ধরনের আয়োজন আগে দেখিনি। আমাদের জন্য এটি অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এমন উদ্যোগ নেওয়ার জন্য আমরা জেলা পরিষদের কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।