নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কদম রসুল ব্রিজও করতে হবে, ব্যবসায়ীদেরও বাঁচিয়ে রাখতে হবে : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

কদম রসুল ব্রিজও করতে হবে, ব্যবসায়ীদেরও বাঁচিয়ে রাখতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, কদম রসুল ব্রিজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ব্রিজ নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ও জীবিকা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

‎‎বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের চারারগোপ এলাকায় কদম রসুল ব্রিজ নির্মাণস্থলে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

‎‎এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা সবাই নারায়ণগঞ্জের লোক। আমাদের যেমন কদম রসুল ব্রিজ দরকার, তেমনি নারায়ণগঞ্জের মানুষকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। তাদের ব্যবসা-বাণিজ্যও দেখতে হবে। আমাদের ব্যবসায়ী ভাইদের ব্যবসাও বাঁচিয়ে রাখতে হবে।”

‎‎তিনি বলেন, ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা বুঝিয়ে দেওয়ার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় হয়েছে। রেলওয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন এবং এ বিষয়ে সিটি কর্পোরেশনকে চিঠিও দেওয়া হয়েছে। জায়গা নিয়ে কোনো বিরোধ নেই বলেও জানান তিনি।

‎ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে সাখাওয়াত বলেন, “ব্যবসায়ীদের তালিকা করতে বলেছি। ব্রিজ নির্মাণের পর তাদের যতটুকু সম্ভব পুনর্বাসনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

‎তিনি আরও বলেন, ব্রিজ নির্মাণের জন্য কিছু স্থাপনা সরিয়ে নিতে বা পেছনে সরিয়ে দিতে হবে। রেলওয়ের পাশে থাকা দোকানিদের পেছনে জায়গা রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে ব্রিজ নির্মাণের পর ব্রিজের নিচের স্থানও পরিকল্পিতভাবে ব্যবহারের সুযোগ রয়েছে।

‎‎মসজিদ ও মন্দিরের বিষয়ে তিনি বলেন, “মসজিদ ভাঙা পড়বে না এবং মন্দিরের মূল কাঠামোও ভাঙা পড়বে না। মন্দিরের কাঠামো বিবেচনায় নিয়ে প্রয়োজনে অন্যদিকে সম্প্রসারণের সুযোগ করে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বোঝাপড়া হয়েছে।”

‎‎এ সময় একটি কথিত মাজারের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে কোনো কবর নেই বলে তার দাবি। রাস্তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপনাটি তৈরি করা হয়েছে উল্লেখ করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

‎সাখাওয়াত হোসেন খান বলেন, “ব্যবসায়ীরা আমাদের লোক। তাদের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন রয়েছে। আমরা তাদের সঙ্গে সহনীয় আচরণ করব। সবকিছু সহনশীলভাবে সম্পন্ন করেই কদম রসুল ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে নিতে চাই।”

‎‎এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আজগর হোসেনসহ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, রেলওয়ে ও কদম রসুল সেতু নির্মাণ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন