শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরবাসীর অন্যতম প্রধান দুর্ভোগের নাম ‘হকার সমস্যা’। মেয়র, সংসদ সদস্য থেকে শুরু করে সচেতন নাগরিক ও সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টাও বারবার এই চেনা জটের কাছে হার মেনেছে।
রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, ক্ষমতার হাতবদল হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জ নগরীর ফুটপাত দখলমুক্ত করা এবং হকারদের স্থায়ী পুনর্বাসন যেন কোনো আমলেই আলোর মুখ দেখেনি। বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের শাসনামলে নগরবাসীর দুর্ভোগ লাঘবে একাধিকবার ফুটপাত উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।
তবে সেসব উদ্যোগ সফল হওয়ার বদলে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হকার উচ্ছেদে মাঠে নামেন। তবে হকার উচ্ছেদে সফল হতে পারেননি। বরং তৎকালীন সরকার দলীয় মেয়র এবং এমপির পারিবারিক দ্বন্দ্বে একের উপর দোষ চাপিয়ে নিজেদের দায় সেরেছেন উভয়ে।
যার ফলে সৃষ্টি হয়েছে সংঘাতের, রক্তাক্ত হয়েছে অসংখ্য মানুষ। হামলা হয়েছে, মামলাও হয়েছে কিন্তু কাজের কাজ অর্থাৎ হকার সমস্যা সমস্যা হিসেবেই রয়ে গেছে। অভিযোগ রয়েছে, ফুটপাত থেকে নেতাদের ক্যাডাররা বিপুল অঙ্কের চাঁদাবাজি এবং দলীয় রাজনৈতিক কর্মসূচিতে হকারদের জনবল হিসেবে ব্যবহারের স্বার্থে ব্যবহার করতেন। যা এখন চলমান আছে বলে অভিযোগ আছে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চব্বিশের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং আওয়ামী সাম্রাজ্যের পতনের পর নগরবাসী ভেবেছিলেন, এবার হয়তো ফুটপাত মুক্ত হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। হকারদের কাছ থেকে চাঁদাবাজি এবং নিজেদের কাজে ব্যবহার করার সেই অভিযোগ বর্তমান সরকারের নেতা কর্মীদের বিরুদ্ধেও আছে।
নগরবাসীর অভিযোগ, কেবল ক্ষমতার চেহারা পরিবর্তন হয়েছে, মূল ব্যবস্থা একই রয়ে গেছে। আওয়ামী লীগের পতনের পরও বর্তমান দলের প্রভাবশালী অংশ একইভাবে চাঁদাবাজি ও হকার নিয়ন্ত্রণে মেতে ওঠেছে ।
তবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর হকার উচ্ছেদে এক অভূতপূর্ব সাড়া জাগানো উদ্যোগ নেন। তিনি দলমত নির্বিশেষে পুরো নগরবাসীকে এক ছাদের নিচে এনে দাঁড় করান। তার আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকরা ঐক্যবদ্ধ হন। একযোগে পুরো শহরে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
কিন্তু সর্বস্তরের মানুষের এমন অভূতপূর্ব সমর্থন পাওয়ার পরও উদ্যোগটি বেশিদূর এগোয়নি, অল্প কিছুদিনের মধ্যেই গতি হারিয়ে তা থমকে যায়। পরবর্তীতে মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সাথে নিয়ে প্রশাসক পুনরায় উদ্যোগী হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এরপর ফুটপাত পুরোপুরি খালি করার অংশ হিসেবে হকারদের স্থানান্তরের একটি পরিকল্পনা হাতে নেয় সিটি কর্পোরেশন।
চাষাঢ়া রেললাইনের কোল ঘেঁষে ২নং রেলগেট পর্যন্ত বিস্তৃত রাস্তাটিকে অস্থায়ী পুনর্বাসন অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়। সিটি কর্পোরেশন উক্ত রাস্তাটি সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে হকারদের নাম নিবন্ধনের কাজ শুরু করে। তবে অভিযোগ উঠেছে, মাত্র ২-৪ দিন হকারদের কাছে গিয়ে ভোটার আইডি কার্ডের ফটোকপি ও তথ্য সংগ্রহের পর সিটি কর্পোরেশনের সেই গণনাকারীদের আর দেখা মেলেনি।
এদিকে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে হকারদের মধ্যেও রয়েছে ব্যাপক অসন্তোষ। একাধিক হকার জানান, যেখানে স্থানান্তরের কথা বলা হচ্ছে সেখানে সাধারণ ক্রেতারা কেনাকাটা করতে যেতে চাইবে না। মূল মার্কেটের সামনে দোকান থাকায় যাতায়াতের পথে ক্রেতারা পণ্য দেখে কেনেন, কিন্তু নতুন নির্দিষ্ট স্থানে তাদের বেচাকেনা একেবারে বন্ধ হয়ে যাবে। ফলে সিটি কর্পোরেশন যাই বলুক না কেন, তারা সেখানে যেতে ইচ্ছুক নন।
হকার স্থানান্তর প্রসঙ্গে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল সূত্র জানায়, পুনর্বাসনের কার্যক্রম অনেক দূর এগিয়েছে। সামান্য কিছু আনুষ্ঠানিকতা ও কারিগরি কাজ বাকি থাকার কারণেই মূল প্রক্রিয়াটি ঝুলে আছে।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসক সাখাওয়াত হোসেন অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টি তদারকি করছেন এবং এখানে গাফিলতির কোনো সুযোগ নেই। খুব দ্রুতই বাকি কাজ সম্পন্ন করে হকারদের নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হবে এবং নগরবাসীকে ফুটপাত চলাচলের উপযোগী করে স্বস্তি ফিরিয়ে দেওয়া হবে।
প্রতিশ্রুতি ও পরিকল্পনার ছক আঁকা হলেও বাস্তবে নারায়ণগঞ্জের ফুটপাত এখনো হকারদের দখলেই রয়েছে। আশ্বাস ও বাস্তবে রূপ দেওয়ার মাঝের এই দূরত্ব কবে ঘুচবে—সেই প্রশ্নই এখন নারায়ণগঞ্জের সর্বস্তরের সচেতন নগরবাসীর।