নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব : পুলিশ সুপার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব : পুলিশ সুপার

প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।  

এসময় তিনি মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও চেয়ে নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি চিহ্নিত সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জোরালো আশ্বাস দেন।

তিনি বলেন, পূর্ব থেকেই শুনে এসেছি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য আছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবাগত এসপির উপস্থিতিতে এক দীর্ঘ মুক্ত আলোচনা হয়। 

আলোচনায় উপস্থিত সাংবাদিকরা নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক-ছিনতাই-কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক চক্রের সক্রিয়তা এবং মব সৃষ্টি করে নাশকতাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জটিল সমস্যার চিত্র তুলে ধরেন।

সাংবাদিকদের সকল বক্তব্য গুরুত্বের সাথে শুনে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মব সৃষ্টির কোন সুযোগ দিব না। এটা নিশ্চিত থাকেন আমি যতদিন আছি এখানে কোনো মব সৃষ্টি হবে না। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মাদকসেবী বেশী, স্পট আছে বিভিন্ন। আমরা নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে যেসব কার্যক্রম চলছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দাতাদেরও আইনের আওতায় আনা হবে।

একই সাথে তিনি অপরাধ নির্মূলে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। তথ্য পেলে আমরা দ্রুত অভিযান চালাতে পারব। জনগণের আস্থা ফেরাতেই আমরা কাজ করছি।

সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, এ কে এম মাহফুজুর রহমান এবং প্রণব কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন।

এছাড়া সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন, অহিদুল হক, মাহাবুবুর রহমান মাসুম, নাহিদ আজাদ, নাফিজ আশরাফ, মোস্তফা করিম, রফিকুল ইসলাম, আমির হোসাইন স্মিথ, সাংবাদিক আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, রাকিবুল ইসলাম, মোশতাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, রাসেল আদিত্যসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন