শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামি মো. নূর হোসেন সওদাগর (৪৮) ও মো. রুহুল আমিন ওরফে মিঠু (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নূর হোসেন সওদাগর নারায়ণগঞ্জ সদর থানার পুরাতন সৈয়দপুর এলাকার মৃত ফয়েজ মিয়া সওদাগরের ছেলে। অপর আসামি রুহুল আমিন ওরফে মিঠু পূর্ব মসিনাবন্দ গোগনগর এলাকার মো. বোরহান মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৮, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে। তারা ওই মামলার এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে নূর হোসেন সওদাগর ও রুহুল আমিন ওরফে মিঠুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।