নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

চাষাড়ায় খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে অভিযান, আটক ২৮

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

প্রকাশ: ০৮:২৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

চাষাড়ায় খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে অভিযান, আটক ২৮

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ার ঐতিহ্যবাহী খাজা সুপার মার্কেটের চারতলায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে জেলা পুলিশ। 

এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা ও তাস জব্দ করা হয়।

রোববার রাতে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জুয়া প্রতিরোধে এই অভিযান চালানো হয়।

 দীর্ঘদিন ধরে মার্কেটের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে জুয়ার আসর বসছিল বলে অভিযোগ ছিল। অভিযানে হাতেনাতে ২৮ জনকে আটক করা হয়।

আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফ্ল্যাটটি এক রাজনৈতিক নেতা পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। এটি থেকে নানা ধরনের অপরাধের সৃষ্টি হয়।

 নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। সে যেই হোক, অপরাধ করলে ছাড় পাবে না। খাজা মার্কেটের অভিযান তারই অংশ। 

আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন