শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৯, ২১ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জরাজীর্ণ শহীদ জিয়া হলের স্থানে নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রস্তাবিত ভবন নির্মাণের পূর্বপ্রস্তুতি হিসেবে সয়েল টেস্টের (মাটির গুণাগুণ ও ধারণক্ষমতা পরীক্ষা) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান আনুষ্ঠানিকভাবে সয়েল টেস্ট কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকুসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা শহীদ জিয়া হলটি নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা।
নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে সেখানে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত হওয়ার পাশাপাশি নগরবাসীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক কার্যক্রমে ব্যবহারের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।