নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দেশের বিশাল জনগোষ্ঠীর শিক্ষা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ : মামুন মাহমুদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫:৫৩, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:০৫, ৫ অক্টোবর ২০২৬

দেশের বিশাল জনগোষ্ঠীর শিক্ষা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের একমাত্র শক্তি। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। জ্ঞান ও প্রযুক্তিতে যে জাতি উন্নত, সেই জাতিই বিশ্বকে নেতৃত্ব দেয়।

দেশের বিশাল জনগোষ্ঠীর শিক্ষা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হচ্ছে। এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং শিক্ষক সমাজও উপকৃত হবে।

‎বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
‎
‎সভায় অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী স্বীকৃত এই দিবসটি পালন করা হচ্ছে। শিক্ষকদের মর্যাদা আরও উন্নত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও শিক্ষকদের অবদানের বিষয়টিও এ দিবসে তুলে ধরা হয়।
‎
‎তিনি বলেন, বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নারী শিক্ষার প্রসার, উচ্চশিক্ষা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং উপবৃত্তির মাধ্যমে শিক্ষাব্যবস্থায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উচ্চ, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও স্বল্প আয়ের পরিবারের সন্তানরাও শিক্ষার সুযোগ পাচ্ছে।
‎
‎শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য যেমন সরকারকে খেয়াল রাখতে হবে, তেমনি শিক্ষকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। শিক্ষকরা যাতে সম্মানের সঙ্গে ভালোভাবে জীবনযাপন করতে পারেন, সে বিষয়েও সরকারের নজর দেওয়া প্রয়োজন।
‎
‎অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে সব পেশার ঊর্ধ্বে শিক্ষকতা পেশাকে মর্যাদাবান হিসেবে দেখা হয়। কিন্তু বাংলাদেশে এখনো শিক্ষকতা পেশাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা গেলে তারা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন।
‎
‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টরা।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন