নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাখাওয়াতের নেতৃত্বে দ্বিতীয় দিনেও অবৈধ অটো-মিশুকের বিরুদ্ধে অভিযান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৭, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১৯, ৫ অক্টোবর ২০২৬

সাখাওয়াতের নেতৃত্বে দ্বিতীয় দিনেও অবৈধ অটো-মিশুকের বিরুদ্ধে অভিযান

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিজিটাল লাইসেন্সবিহীন অটোরিকশা ও মিশুকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

‎‎সোমবার (৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের ছয়টি গুরুত্বপূর্ণ স্পটে এ অভিযান চালানো হয়। অভিযানে নাসিকের যানজট নিরসন কর্মীদের পাশাপাশি আনসার ও পরিচ্ছন্নতাকর্মীরাও অংশ নেন।

‎‎অভিযান চলাকালে সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র ও ডিজিটাল লাইসেন্স পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে যানজট নিরসনে নির্ধারিত নিয়ম মেনে চলার জন্য চালকদের নির্দেশনা দেওয়া হয়।

‎‎অভিযান প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত করার জন্য দ্বিতীয় দিনের মতো আমরা কার্যক্রম পরিচালনা করছি। ছয়টি স্পটে ভাগ করে প্রতিটি স্পটে ২৫ জন করে কর্মী নিয়োগ করা হয়েছে।

এর মধ্যে আনসার, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা রয়েছেন। পাশাপাশি আমাদের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গও বিভিন্ন স্থানে আমাদের সঙ্গে ছিলেন।”

‎‎তিনি বলেন, “আমরা জনগণের কাছ থেকে একটি প্রত্যাশামূলক সাড়া পাচ্ছি। জনগণ খুশি, কারণ তারা যানজটমুক্তভাবে শহরে চলাচল করতে পারছে। এই কার্যক্রম আমরা অব্যাহত রাখব।”

‎‎সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “আমরা কোনো গাড়ি আটক করছি না। তবে কোনো গাড়ি নিয়ম না মানলে তাদের জরিমানার আওতায় আনা হবে এবং প্রয়োজনে গাড়ি আটক করা হবে। আমরা চাই, যেসব গাড়ি বৈধ সেগুলোই সিটি কর্পোরেশন এলাকায় চলাচল করুক। অবৈধ কোনো গাড়ি এখানে চলতে দেওয়া হবে না।”

‎‎তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণে সাময়িক কিছু অসুবিধা হলেও সাধারণ যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আগে যানজটে দীর্ঘ সময় আটকে থাকতে হলেও অভিযান পরিচালনার ফলে শহরে চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান তিনি।

‎‎নাসিক প্রশাসক বলেন, নগরবাসীর স্বার্থে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন