শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:০৩, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৪, ১১ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া শ্রী শ্রী সার্বজনীন শ্যামা পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজা (১৪৩তম) উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক, খ ও গ—তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া ছয় শতাধিক শিশুর মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে চিত্রাঙ্কনসহ এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীলতার প্রতি আগ্রহ বাড়ে।
আমলাপাড়া সার্বজনীন শ্যামা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাসসহ আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।