নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

শহরের কথিত ‘গডফাদাররা’ এখন আর নারায়ণগঞ্জে নেই :  রানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৬, ১৭ নভেম্বর ২০২৬

শহরের কথিত ‘গডফাদাররা’ এখন আর নারায়ণগঞ্জে নেই :  রানা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের অভিযোগ তুলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেছেন, দেশে নতুন করে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা হবে।

‎‎মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎সাখাওয়াত ইসলাম রানা বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে গুম ও খুন হয়েছে, সে বিষয়ে জাতিসংঘ অবগত রয়েছে। ছোট শিশু থেকে শুরু করে কাউকেই তারা ছাড় দেয়নি এমন অভিযোগ রয়েছে।”

‎‎শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, তিনি হয়তো গোপালগঞ্জের নেত্রী ছিলেন, বাংলাদেশের নেত্রী ছিলেন না। গোপালগঞ্জে যদি তার কিছু লোক থেকে থাকে, তাদের মাধ্যমে দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

‎‎তিনি আরও বলেন, নির্বাচনের সময় গোপালগঞ্জে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের আমলে নির্যাতন, নিপীড়ন ও লুটপাটের বিভিন্ন অভিযোগের কথা তারা শুনেছেন। “গোপালগঞ্জের শান্তিপ্রিয় মানুষকে আর উত্তপ্ত করবেন না। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না। করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

‎‎নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সাখাওয়াত ইসলাম রানা বলেন, শহরের কথিত ‘গডফাদাররা’ এখন আর নারায়ণগঞ্জে নেই। তাদের অনুসারী বা মাদকাসক্তদের ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে নারায়ণগঞ্জের মানুষ তা মেনে নেবে না।

‎‎তিনি বলেন, “নারায়ণগঞ্জ এখন সন্ত্রাস, হোন্ডা বাহিনী ও হেলমেট বাহিনীর দৌরাত্ম্য থেকে মুক্ত হয়েছে। সন্ত্রাসীরা সংখ্যায় কখনোই সাধারণ মানুষের চেয়ে বেশি নয়। নারায়ণগঞ্জের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো সন্ত্রাসী শক্তি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।”

‎‎এ সময় তিনি রাব্বি নামে এক ব্যক্তির সন্তানের বিচার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ওই পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি রয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত শেষ করে রায় কার্যকর করার জন্য তারা কথা বলবেন।

‎‎ফরিদপুর, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ড তারা বরদাশত করবেন না। প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে সেখানে গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করা হবে। তবে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।

‎‎সাখাওয়াত ইসলাম রানা বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে আইনসম্মতভাবে এসব অপকর্মের প্রতিবাদ করব। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”

‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন