নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

হত্যা মামলা আইভীর জামিন নামঞ্জুর

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০২, ৩০ মার্চ ২০২৬

হত্যা মামলা আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় করা এ আবেদনের ওপর শুনানি শেষে সোমবার (৩০ মার্চ) দুপুরে এ আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ আদালতে আবেদন করে সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর অনুমতি চান। পরে আদালতের অনুমতিক্রমে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

এর আগে পাঁচটি মামলায় আইভী উচ্চ আদালত থেকে জামিন পান। আরও পাঁচটি মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সেগুলোর কার্যকারিতা স্থগিত করা হয়। বর্তমানে এসব বিষয়ে আপিল বিভাগের শুনানির অপেক্ষা চলছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই ওয়াজেদ আলী সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাতজনকে এজাহারনামীয় আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়।

আইভীর পক্ষে শুনানিতে তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এজাহারে তাঁর মক্কেলের নাম নেই। ঘটনার প্রায় ১১ মাস পর তাঁকে এ মামলায় যুক্ত করে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা বেআইনি ও হয়রানিমূলক। তিনি অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। এমনকি এক মামলায় জামিন পাওয়ার পরদিনই তাঁকে নতুন করে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে বলেন, মামলাটি গুরুতর অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট এবং তদন্ত এখনও চলমান। এ পর্যায়ে আসামিকে জামিন দিলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন