শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৭, ২৯ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাকের খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সহকর্মীরা তাঁর কর্মময় জীবনের নানা দিক স্মরণ করে পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নিচতলায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট আব্দুস সাকের খান ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী। দীর্ঘ আইনজীবী জীবনে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত আদর্শ ও সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের মাধ্যমে সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট নবী হোসেন, অ্যাডভোকেট আব্দুল গাফ্ফার, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম হান্টু, এড. আওলাদ হোসেনসহ জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য।
শোকসভা শেষে মরহুম অ্যাডভোকেট আব্দুস সাকের খানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।