শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০৪, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:১৮, ২৩ আগস্ট ২০২৬
বন্দরের নূরপাদ্দি এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোজাম্মেল হক ওরফে বাবু। তিনি বন্দরের নূরপাদ্দি এলাকার মোস্তফার ছেলে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালত নাহিদ নিয়াজী এই রায় দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কেএএম টুটুল চৌধুরী বলেন, আবুল হোসেন পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। ২০১৯ সালের ১২ মে সকালে গাছ থেকে আম পাড়া নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তার ঝগড়া হয়।
এর এক পর্যায়ে আবুল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে বন্দর থানার মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।