শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০৯, ২৪ এপ্রিল ২০২৬
নারায়নগঞ্জ হাই স্কুল ১৯৭৩ ব্যাচের সতীর্থ বন্ধুদের পারিবারিক পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে আয়োজিত উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭৩ ব্যাচের বন্ধুরা সহ তাদের পরিবারের সদস্যরা।
স্মৃতিচারণ, আড্ডা, গানের উৎসবে উপস্থিত ছিলেন সতীর্থ বন্ধু ও সাবেক অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, সতীর্থ ৭৩ এ-র শাহাদাৎ হোসেন, আলাউদ্দিন আহমেদ, প্রকৌশলী রিয়াজুদ্দিন আহমেদ, প্রকৌশলী আবু নাসের ওয়াহিদ, সেলিম আহমেদ, জুলহাস সর্দার, বদিউজ্জামান বাবুল, অসীত চক্রবর্তী, আবদুস সোবহান, মেজবাহউদ্দিন, নির্মল দত্ত, মহিউদ্দিসহ অনেকে।
উৎসবের এই দিনটিতে ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি ভুলে কৈশোরের বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে আবেগে আপ্লুত হয়ে পড়েন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।
তারা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী জমজমাট আয়োজনের সমাপ্তি ঘটে।