শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০৫, ২৩ জুন ২০২৬ | আপডেট: ১৯:০৬, ২৩ জুন ২০২৬
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম গার্লস স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় শহরের কিল্লারপুলস্থ কলেজের অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানেস বিদায়ী শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
বিবি মরিয়ম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবি মরিয়ম গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি ও লেক্সেল নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ আহমেদ তুনিম।
প্রধান অতিথির বক্তব্যে খুরশিদ আহমেদ তুনিম বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়, একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।
আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্পই সফলতার মূল চাবিকাঠি। আমি বিশ্বাস করি, বিবি মরিয়ম গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেন, “বিদায় মানেই শেষ নয়, বরং নতুন পথচলার সূচনা। তোমাদের সামনে উচ্চশিক্ষা ও কর্মজীবনের নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে। সেই পথচলায় নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে।
তোমরা যেখানে অবস্থান করো না কেন, নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বিবি মরিয়ম গার্লস স্কুল এন্ড কলেজের সুনাম আরও সমুন্নত রাখবে। পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে নিজেকে গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী খালিদুজ্জামান ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, কাঙ্ক্ষিত ফলাফল, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।