শিরোনাম:
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
প্রকাশ: ১৭:২৯, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১৭:৩৫, ২৫ জুন ২০২৬
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, পরীক্ষা মানে নিজের প্রস্তুতি তুলে ধরার মঞ্চ। চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে হলে যাবে এবং ভালো করে পরীক্ষা দিবে । নিয়মিত পড়াশোনা, সময় মেনে চলা আর মনোবল ধরে রাখলেই সফলতা আসবে। শুধু সনদ অর্জনেই নয়, সনদ অর্জনের পাশাপাশি নিজেকে মানবিক গুণ সম্পন্ন করে গড়ে তুলতে হবে।
সরকার শিক্ষাবান্ধব নীতি গ্রহণ করেছে। প্রতিটি মেয়ে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য নানা উদ্যোগ চলমান রয়েছে। তোমরা নারায়ণগঞ্জের মেয়ে, তোমাদের সাফল্য গোটা জেলার জন্য অনুপ্রেরণা।
বৃহস্পতিবার (২৫ জুন) আমলাপাড়া স্কুল এন্ড কলেজের এইচএসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এড. মো. আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনূর খান,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হানিফ সরদার।
এসময় জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে মানসিকভাবে সহযোগিতা করুন। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এড. আবুল কালাম এমপি বলেন, তোমরাই আগামী দিনের কর্ণধার। পরীক্ষা শুধু নম্বরের জন্য নয়, নিজেকে যাচাই করার সুযোগ। সততা, মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে নিজেদের প্রস্তুত করো। আজ তোমরা এই প্রতিষ্ঠানের গর্ব, আগামীতে তোমাদের হাতেই দেশ এগিয়ে যাবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না, মাদককে না বলবে। মনে রাখবে, চরিত্রই একজন মানুষের সবচেয়ে বড় সনদ।
অনুষ্ঠান শেষে অতিথিরা পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। পরে মিলাদ ও দোয়া করা হয়। এ সময় শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীরা, অভিভাবক ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।