শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৩, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১৯:২৩, ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে জাতীয় পর্যায়ে শুরু হওয়া ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ২টায় শহরের কিল্লারপুলে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এদিন রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি খুরশিদ আহমেদ তুনিম, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব ও অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি গাছ লাগাতে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।