নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি

রেহানা ফেরদৌসী

প্রকাশ: ০০:৫৪, ২ জুলাই ২০২৬ | আপডেট: ০১:২৮, ২ জুলাই ২০২৬

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি

সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ সময়ে সকল শিক্ষার্থীদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরীক্ষা এলেই কমবেশি সবারই চিন্তা বেড়ে যায়। প্রশ্ন কমন পরবে কি না, ঠিকঠাক লিখতে পারবে কি না, এমন নানা ভাবনায় কাবু হয়ে যাওয়ার অবস্থাকে বলা হয় পরীক্ষাভীতি। অনেক সময় ভালো প্রস্তুতি থাকা স্বত্ত্বেও এটি থেকে রেহাই পাওয়া যায় না। তবে কিছু কৌশল অনুসরণ করলে পরীক্ষার ভয় থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেতে পারে।

পরীক্ষাভীতি দূর করার কৌশল

পরিকল্পনা চার্ট তৈরি করা : 

জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিকল্পনা গুরুত্বপূর্ণ এবং যেকোনো পরীক্ষার ক্ষেত্রে তা সমানভাবে প্রযোজ্য। কেননা একটি বাস্তবসম্মত রুটিন যেমন পড়ার মনোযোগ ধরে রাখে, তেমনি পরীক্ষার পড়া যথাসময়ে শেষ করতে সাহায্য করে। এ ক্ষেত্রে এটি তৈরি করার সময় মনে রাখতে হবে, পরিকল্পনা অনুসরণ করতে গিয়ে যাতে কষ্ট না হয়। এতে হিতে বিপরীত হতে পারে। পরিকল্পনায় সব বিষয়ে সমানভাবে গুরুত্ব দেওয়ার সুযোগ থাকা চাই। এতে আত্মবিশ্বাস বাড়বে, ভয় কমবে।

কোনো বিষয় বাদ না দেওয়া :

পড়ার সময়সূচি তৈরি করার সময় সব বিষয়ে সমানভাবে সময় বণ্টন করতে হবে। অনেক সময় কিছু বিষয় না বুঝলে এড়িয়ে যাওয়াকে শ্রেয় মনে করা হয়। সময় থাকলে এমনটি করা যাবে না। দেখা যাবে ছোটোখাটো বিষয় থেকেই অনেক সময় প্রশ্ন করা হয় পরীক্ষায়। তাই সব বিষয় প্রতিদিন পড়লে এমনটি হওয়ার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে বিকল্প সময় হাতে রেখে এসব বিষয় পড়ার জন্য সময় বরাদ্দ করতে হবে। পরীক্ষার দিন পর্যন্ত কোনো কিছু পড়া বাদ রাখা উচিত নয়, এতে দুশ্চিন্তা থেকে যায়।

অন্যের সঙ্গে তুলনা না করা :

পরীক্ষার সময় সহপাঠীদের সাথে কথা বলা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা খুবই সাধারণ ব্যাপার। সহপাঠীদের প্রস্তুতি, অগ্রগতি ও অধ্যয়নের পরিকল্পনা জানার পর উদ্বেগ কাজ করতে পারে। এটি মোকাবিলা করতে চাইলে সহপাঠীদের সাথে নিজের তুলনা করা যাবে না। কারণ প্রত্যেকেরই শেখার গতি, দক্ষতা এবং সক্ষমতা ভিন্ন। এজন্য সহপাঠীদের অগ্রগতি নিয়ে দুশ্চিন্তা না করে নিজের দিকে মনোযোগ দেওয়াই ভালো।

ইতিবাচক মনোভাব রাখা :

পরীক্ষার দুশ্চিন্তা থেকে দূরে থাকতে ইতিবাচক মনোভাব থাকা খুবই গুরুত্বপূর্ণ।মানসিক চাপকে দূরে রাখতে, 'ইনশাআল্লাহ, আমি পারব!’ কথাটিকে মনোবল বাড়ানোর মন্ত্র হিসেবে কাজে লাগাতে হবে। নিজের মানসিক ক্ষমতার ওপর আস্থা রাখতে হবে। একজন শিক্ষার্থী যখন মনে করবে যে সে পরীক্ষায় ভালো করবে, কেবল তখনই নিজের সেরাটা দিতে পারা সম্ভব। অযথা মানসিক চাপ থেকে দূরে থাকতে যা করলে মানসিক স্বস্তি পাওয়া যাবে, সেটিতে মনোনিবেশ করতে হবে।

আমি যেকোনো বিষয় সহজে শিখতে পারি :

নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে, কঠিন বিষয়গুলোও শেখা সম্ভব। একে ‘গ্রোথ মাইন্ডসেট’ বলা হয়, যা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করে এবং পড়াশোনায় আরও আগ্রহী করে তোলে।

প্রতিটি অধ্যয়ন আমাকে সফলতার দিকে নিয়ে যাবে :

প্রতিটি অধ্যয়ন ঘণ্টা একজন শিক্ষার্থীর ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। ছোট পরিশ্রমের মাধ্যমে বড় সাফল্য অর্জিত হয়।

আমি সব সময় মনোযোগী থাকি এবং সহজে পড়া আয়ত্ত করতে পারি :

যে কোন পরিস্থিতিতে অস্থায়ী বাধা এবং বিভ্রান্তি এড়িয়ে নিজের পড়াশোনায় মনোযোগী হতে হবে। এই অনুভূতিটি একজন শিক্ষার্থী নিয়মিত নিজেকে বিশ্বাস করালে, মনোযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

ভুল করার অর্থ শেখার সুযোগ :

ভুল করার ক্ষেত্রে ভয় না পেয়ে, তাকেও শেখার একটি সুযোগ হিসেবে সহজে গ্রহণ করতে হবে। এটি শিক্ষার্থীর মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করবে এবং কঠিন বিষয়গুলোর প্রতি ভয় কমিয়ে দেবে।

আমি শৃঙ্খলাবদ্ধ, নিষ্ঠাবান এবং দৃঢ়প্রতিজ্ঞ:

যে কোনো বিষয়ে সাফল্য অর্জন করতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকতা। এই অনুভূতি নিজের পড়াশোনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাখবে এবং লক্ষ্য পূরণে সাহায্য করবে।

আমি শিখতে এবং জ্ঞান বাড়াতে উপভোগ করি :

পড়াশোনাকে একটি দায় হিসেবে না দেখে, বরং একটি শখ এবং উন্নতির পথ হিসেবে দেখুন। এটি আপনার মানসিকতা পরিবর্তন করে পড়াশোনাকে আরও উপভোগ্য করে তুলবে।

আমি আমার স্বক্ষমতায় আত্মবিশ্বাসী এবং সফলতার জন্য প্রস্তুত :

আত্মবিশ্বাস সাফল্যের একটি বড় উপাদান। পরীক্ষার আগে নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখা এবং মানসিক চাপ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমার কঠোর পরিশ্রম ফলস্বরূপ পূর্ণতা পাবে এবং আমি আমার লক্ষ্য অর্জন করব দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য :

নিজের পরিশ্রমে ভালো ফলাফল নিশ্চিত হবে। একটি ভালো ফলাফল, স্বপ্নের চাকরি বা ব্যক্তিগত উন্নতি ব্যক্তির প্রতিটি প্রচেষ্টা ফল স্বরূপে একদিন সাফল্য এনে দেবে। সারা বছর অধ্যায়নের পরও অনেক শিক্ষার্থী শেষ মুহূর্তে অনেক পড়া ভুলে যায় যা খুবই স্বাভাবিক । তবে এই ভুলে যাওয়া রোধ করতে শিক্ষার্থীদের কিছু কৌশল অবলম্বন করা প্রয়োজন। যেমন-

পড়া স্মরণ রাখার কৌশল :

অনেক সময় চেষ্টা করেও পড়া মনে রাখা যায় না। বিষয়গুলো স্মরণ রাখতে প্রয়োজন হয় বাড়তি মনোযোগ, অতিরিক্ত মেধার শ্রম। কিšদ কিছু সহজ কৌশল অবলম্বন করলে সে বিষয়গুলো স্মরণ রাখা সম্ভব।

স্পষ্ট করে, জোরে শব্দ করে এবং ধীর গতিতে পড়া :

কঠিন বিষয়গুলো পড়ার সময় শব্দ করে উচ্চারণ করে পড়া উচিত। কেনোনা মনে মনে পড়ার সময় একটি ইন্দ্রিয় অর্থাৎ চোখের মাধ্যমে তথ্য পায় মস্তিষ্ক। অপরদিকে শব্দ করে পড়ার মাধ্যমে চোখের সঙ্গে শ্রবণেন্দ্রিয় বা কান দ্বারাও মস্তিষ্ক তথ্য পেয়ে থাকে। এর ফলে তথ্যটি আরও ভালোভাবে মস্তিষ্কে স্থান করে নেয়। তাই যে বিষয়টি নিয়ে পড়া হচ্ছে তা প্রথমে ভালোভাবে বুঝে, বারবার পড়তে হবে।

লিখতে হবে :

পড়লে সহজে মনে থাকে। লিখে পড়লে অল্প সময়ে যেকোনো পড়া আয়ত্তে আসে। বিষয়টি আয়ত্তে এলে সম্পূর্ণ অংশ না দেখে পুনরায় লিখতে হবে। লিখার পর নিজেই ত্রুটি খুঁজে বের করতে হবে। ত্রুটি বেশি হলে আবার পড়ে লিখতে হবে।

স্বাচ্ছন্দ্যের সময় খুঁজে বের করতে হবে :

প্রতিটি মানুষ স্বতন্ত্র সত্তার অধিকারী। কারও মস্তিষ্ক সকালে ভালো কাজ করে, আবার কারও হয়তো গভীর রাতে। কার স্বাচ্ছন্দ্যের সময় কোনটা সেটা খু ঁজে বের করতে হবে এবং কঠিন বিষয়টি সে সময়ে পড়তে হবে। এতে পড়া সহজে আয়ত্ত করতে পারা যাবে। স্বাচ্ছন্দ্যের সময়টি খু ঁজে বের করার জন্য বিভিন্ন সময়ে পড়তে বসে খু ঁজে বের করতে হবে এবং কোন সময়ে মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে তা নিজেই বুঝে নিতে হবে।

নিজেকে অনুপ্রাণিত করা :

নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া আয়ত্ম করতে পারলে নিজেকে পুরস্কৃত করতে হবে। যেমন একটা গান শুনে মনকে শিথিল করা যায়। তেমনি নির্দিষ্ট সময়ে পড়া আয়ত্ম না হলে নিজেকে শাস্তির ব্যবস্থাও করতে হবে। যেমন, পড়াটি শেষ না করে টেবিল থেকে উঠা যাবে না। নিজেকে অনুপ্রাণিত করার জন্য এসব উদ্যোগ খুবই ফলপ্রসূ।

পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে :

একটি পড়া আয়ত্ম করার পর মস্তিষ্কের সময় প্রয়োজন হয়.. সেই তথ্যগুলো গুছিয়ে সংরক্ষণ করতে। মূলত বিশ্রাম বা ঘুমের সময়ে মস্তিষ্ক এই কাজটি করে। তাই মস্তিষ্কের জন্য পর্যাপ্ত বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই পরীক্ষা এলে খাওয়া, ঘুম বাদ দিয়ে পড়তে শুরু করে। এটি ঠিক নয়। মস্তিষ্কের সর্বোচ্চ কার্যকারিতার জন্য পরিমিত ঘুম এবং বিশ্রাম দিতে হবে।

আগের পড়া পুনরায় পড়া :

পড়া একবার আয়ত্ত করলেই হয় না। সেটা কিছুদিন পরপর পুনরায় পড়তে হয়। আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য বা দীর্ঘদিন অব্যবহৃত তথ্য স্মৃতি থেকে মুছে ফেলে। অধিকাংশ সময় কঠিন বিষয়টি আমাদের পছন্দের বিষয় হয় না। ফলে এটি আমরা সহজেই ভুলে যাই। এই ভুলে যাওয়া প্রতিরোধ করা সম্ভব যদি নির্দিষ্ট সময় পরপর পড়াগুলো পুনরায় পড়া হয় ।

একজন শিক্ষার্থীর পড়ার পেছনে শিক্ষকের অবদান গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদেরও কিছু দায়িত্ব রয়েছে শিক্ষার্থীদের প্রতি। একজন শিক্ষার্থীর কার্যকরী প্রস্তুতি অর্জনের জন্য শিক্ষকের করণীয়-

বিষয়বস্তু সম্পর্কে সঠিক জ্ঞান দান :

শিক্ষক যা পড়াবেন সে সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান থাকা বাঞ্ছনীয়। শিক্ষকের প্রস্তুতির ব্যাপারে গুরুত্বপূর্ণ তিনটি স্তর হচ্ছে-:

১. জ্ঞান- যা পড়াবেন তা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে।

২. স্বভাব- একজন শিক্ষক ধৈর্য্যশীল ও নমনীয় স্বভাবের অধিকারী হবে।

৩. ক্রিয়াকলাপ-শিক্ষাদান পদ্ধতির মধ্যে বৈচিত্র্য থাকতে হবে।

অর্থাৎ বইয়ের বাইরে থেকেও ব্যাখ্যা দিয়ে, বাস্তব বিষয় বা বস্ত ুর সঙ্গে উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের বুঝাতে হবে।

এছাড়াও শ্রেণিকক্ষ পরিচালনার ক্ষেত্রে একজন শিক্ষকের যেসব বিষয়ে প্রস্তুতি থাকা উচিত :

১. পড়া এবং সমস্যা সেট করা।

২. প্রতি সপ্তাহের লেকচার নোট তৈরি করা।

৩. ক্লাসের সময়কে সর্বোচ্চ কার্যকরী করে তুলতে পরিকল্পনা করা।

৪. ক্লাসে ব্যবহার করতে বা বোর্ডে লিখতে প্রশ্নের তালিকা তৈরি করা।

৫. শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসের জন্য হোমওয়ার্ক বা প্রশ্ন নকশা করা।

৬. ক্লাসের জন্য কুইজ তৈরি করা।

৭. শিক্ষার্থীদের উদ্বেগ, সমস্যা বা আগ্রহের বিষয়গুলো বুঝতে চেষ্টা করা।

৮. বির্তকের জন্য বিষয় নির্বাচন ও পর্যালোচনা করা।

৯. খবরের কাগজ বা অন্যান্য জায়গা থেকে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া।

শেষ মুহূর্তে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও কঠোর অধ্যায়নকে উৎসাহিত করার জন্য পরিবারের সকল সদস্যদের সে শিক্ষার্থীর পাশে থাকতে হবে এবং মানসিকভাবে উৎসাহিত করতে হবে।

সকল শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ হবে তেমনটি নয়। তবে ফলাফল যাই হোক, অভিভাবকদের দোয়া ও ভালোবাসা রয়েছে সকল শিক্ষার্থীদের প্রতি। আজকের পরীক্ষার্থীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। একটি মাত্র ফলাফল জীবনের সবকিছু নয়!

শুভ কামনা রইলো স্নেহের সকল শিক্ষার্থীদের প্রতি ॥

 

লেখক :

রেহানা ফেরদৌসী 
সহ সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ, 
পুলিশ নারী কল্যাণ সমিতি  (কেন্দ্রীয় পুনাক) 
মোহাম্মদপুর, ঢাকা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন