শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২২, ১৮ জুলাই ২০২৬
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম বলেন, “নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে এ অঞ্চলের একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করা সম্ভব। শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।”
বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়নে সভাপতির নেওয়া উদ্যোগ সময়োপযোগী। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
সভায় উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উদ্যোগে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় অল্প সময়ের মধ্যেই এ অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঁইয়াসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং নোয়াগাঁও ও আশপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।