নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা ও ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:০৭, ২ সেপ্টেম্বর ২০২৬

বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা ও ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ স্লোগানে নারায়ণগঞ্জের বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকাদান এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্কুল পর্যায়ে জনসচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

‎‎শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা লিফলেটগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেখানে উল্লেখিত নির্দেশনাগুলো নিজেদের পরিবার ও প্রতিবেশীদের জানাতে হবে।

‎‎তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। বাড়ির বাথরুম, কমোড, ফুলের টব ও আঙিনাসহ কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে বসবাসের স্থান সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

‎‎জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে নির্ধারিত বয়সী মেয়েশিশুদের বিনামূল্যে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্কুলে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎‎বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিম, অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রফিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফা কামাল।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

‎‎আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে নির্ধারিত বয়সী শিক্ষার্থীদের টিকা গ্রহণে উৎসাহিত করা হয়।

‎‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন