নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

তদন্তে অ্যাডহক কমিটির দৃষ্টি আকর্ষণ

এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অচলাবস্থা, অনিয়মের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪০, ৭ সেপ্টেম্বর ২০২৬

এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অচলাবস্থা, অনিয়মের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে চলমান প্রশাসনিক অচলাবস্থার অবসান এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নতুন অ্যাডহক কমিটির সভাপতির কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন এলাকাবাসী।

অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ, প্রশাসনিক জটিলতা ও আইনি প্রক্রিয়ার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে স্থায়ী ও স্বাভাবিক প্রশাসনিক নেতৃত্ব না থাকায় শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব ও কর্তৃত্ব নিয়ে অস্পষ্টতা, প্রশাসনিক সিদ্ধান্তে জটিলতা এবং শিক্ষার পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে বলে তারা মনে করছেন।

শিক্ষা বোর্ডের পুনর্বহালের নির্দেশ

এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি নথি হলো ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখের একটি পত্র। পত্রটির বিষয় ছিল—“বিদ্যালয়ের প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) জনাব গাজী নাজমুল হুদা-কে স্বপদে পুনর্বহাল প্রসঙ্গে।”

বোর্ডের ওই পত্রে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করা হয়। সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন, আপিল এন্ড আরবিট্রেশন কমিটির যাচাই-বাছাই ও মতামতের ভিত্তিতে বিষয়টি বোর্ড সভায় উপস্থাপন করা হয়। পরে ২১ আগস্ট ২০২৩ তারিখে অনুষ্ঠিত ২২৮তম বোর্ড সভায় তাঁকে স্বপদে পুনর্বহালের বিষয়টি অনুমোদন করা হয়।

পত্রে আরও বলা হয়, পত্র ইস্যুর তারিখ থেকে ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে স্বপদে পুনর্বহাল করে বোর্ডকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

তবে অভিভাবকদের প্রশ্ন, শিক্ষা বোর্ডের এমন সিদ্ধান্তের পরও কেন দীর্ঘ সময় ধরে বিষয়টির স্থায়ী সমাধান হয়নি এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষকের স্বাভাবিক দায়িত্ব গ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি?
ছয় বছরে বঞ্চিত শিক্ষার্থীরা

অভিভাবকদের ভাষ্য, একটি বিদ্যালয়ের প্রশাসনিক সংকটের সবচেয়ে বড় মূল্য দিতে হয় শিক্ষার্থীদের। প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা থাকলে বিদ্যালয়ের পাঠদান, শিক্ষক সমন্বয়, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তাদের মতে, একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনে ছয় বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে প্রশাসনিক বিরোধ বা ক্ষমতার দ্বন্দ্বের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে তার দায় কোনো শিক্ষার্থী বা অভিভাবকের নয়।

আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন এদিকে দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থার সুযোগে বিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে কোনো অনিয়ম, অসংগতি বা স্বেচ্ছাচারিতা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

তাদের দাবি, বিদ্যালয়ের আয়-ব্যয়, ক্রয় কার্যক্রম, সম্পদ ব্যবস্থাপনা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং গত কয়েক বছরের গুরুত্বপূর্ণ কার্যক্রম নথিপত্রের ভিত্তিতে পর্যালোচনা করা হোক। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্টদের দায়মুক্ত করারও দাবি জানিয়েছেন তারা।

নতুন সভাপতির কাছে প্রত্যাশা সম্প্রতি নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের প্রতি অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা, তিনি কোনো পক্ষের হয়ে নয়, বরং বিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করবেন।

তারা চান, ঢাকা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত ও পরবর্তী আইনগত পরিস্থিতি যাচাই করে প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদার যোগদানের বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণে কোনো বাধা রয়েছে কি না, সেটিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হোক।

অভিভাবকরা আরও বলেন, “আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে-বিপক্ষে নই। আমাদের একমাত্র দাবি—বিদ্যালয়ে আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।”

তাদের মতে, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের একটি সুযোগ তৈরি হয়েছে। সভাপতির নিরপেক্ষ ও দৃঢ় উদ্যোগে প্রধান শিক্ষক-সংক্রান্ত জটিলতার অবসান, বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অনিয়মের অভিযোগগুলো তদন্ত করা সম্ভব হলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

এখন সচেতন অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা—নতুন অ্যাডহক কমিটির সভাপতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এবং দীর্ঘ ছয় বছরের অচলাবস্থা থেকে এমডব্লিউ উচ্চ বিদ্যালয়কে মুক্ত করে একটি স্বাভাবিক, স্বচ্ছ ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনবেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন