শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:১৩, ৯ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে ঐতিহ্যবাহী মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চবিদ্যালয়ের জমিদাতা মোসা. জমিলা খাতুনের রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে এমডব্লিউ উচ্চবিদ্যালয় পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, আমরা একজন পরম শ্রদ্ধাভাজন অভিভাবককে হারিয়েছি। মরহুমা জমিলা খাতুন জমি দান করে অত্র অঞ্চলের শিক্ষার প্রসারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
তিনিসহ যেসব মহৎ প্রাণ ব্যক্তি এ বিদ্যালয়ের জন্য জমি ও শ্রম দিয়ে অবদান রেখেছেন, তাঁদের সকলের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়ের অডিটোরিয়াম সমস্যার সমাধান ও একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারসহ শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক আবেদন প্রেরণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এলাকার সন্তান হিসেবে নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে সভাপতি আরও বলেন, এই বিদ্যাপিঠেই আমার শৈশব কেটেছে। প্রতিষ্ঠানটির সুনাম সিদ্ধিরগঞ্জের বুকে মাথা উঁচু করে দাঁড়ালে তা আমাদের সবার গর্ব। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের যেকোনো প্রয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা বিশিষ্ট ব্যক্তিদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন, মরহুম হাজী জাহাঙ্গীর আলম, মরহুম হাজী আবেদ আলী, মরহুম হাজী সাবেদ আলী, মরহুম আবুল হাশেম এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম মিসির আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মো. নায়েব আলী মেম্বার, ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাইফুর রহমান বাদল, এমডব্লিউ উচ্চবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. মহসিন, বিশিষ্ট সমাজসেবক এম এ মাসুদ বাদল, এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা। এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম কামরুজ্জামান শিপলু। আলোচনা ও কুরআন খতম শেষে মরহুমা জমিলা খাতুনের রুহের মাগফিরাত এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা শাহেদুল ইসলাম।