শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৫, ৮ অক্টোবর ২০২৬
ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জের প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব, পারস্পরিক সম্প্রীতি এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি বর্ণাঢ্য ও স্মরণীয় পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে প্রাথমিক প্রস্তুতি ও মতবিনিময় কার্যক্রম শুরু হয়েছে। কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম-এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি পুনর্মিলনী আয়োজনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের সদয় সম্মতি জানিয়েছেন এবং অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
একই সভার সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি জনাব মাসুকুল ইসলাম রাজীব-কে পুনর্মিলনী আয়োজনের আহ্বায়ক করা হয়।

গত সোমবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীবের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিকভাবে আগামী ২৮ নভেম্বর সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুল্লাহ, নারায়ণগঞ্জ ড্যাবের সভাপতি ও প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সাবেক পিপি ও প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, স্কাউট কমিশনার জনাব আরিফ মিহির, সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান ও অধ্যাপক মো. মইনুল আশরাফ, মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক জনাব মো. মফিজুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই পুনর্মিলনীর মাধ্যমে সরকারি তোলারাম কলেজের বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা একই আয়োজনে মিলিত হওয়ার সুযোগ পাবেন। ফিরে আসবে ক্যাম্পাস জীবনের সোনালি দিনের স্মৃতি, পুনরুজ্জীবিত হবে পুরোনো বন্ধুত্ব ও সম্পর্ক এবং আরও শক্তিশালী হবে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও প্রিয় কলেজের সঙ্গে তাঁদের আত্মিক বন্ধন।
গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও প্রাক্তন শিক্ষার্থীদের অবদানকে সম্মান জানিয়ে এই পুনর্মিলনী একটি আনন্দঘন, প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
অনুষ্ঠানের স্থান, নিবন্ধন প্রক্রিয়া, অংশগ্রহণের নিয়মাবলি, বিভিন্ন কার্যক্রম ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে সরকারি তোলারাম কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।