শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৩, ১০ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিরিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) টেক্সটাইল ক্লাবের জমকালো আয়োজনে দেশে প্রথবারের মতো অনুষ্ঠিত হলো ফ্যাশন শো প্রতিযোগিতা “টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ”। এই প্রতিযোগতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন নারায়ণগঞ্জের রনদা প্রসাদ সাহা (আর.পি. সাহা) বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফ্যাশন শো বিভাগে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল টিনা। অন্যদিকে ক্রিয়েটিভ এক্সিবিশন বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেক মেধাবী শিক্ষার্থী জোয়াইরিয়া ফাদিলা।
ঢাকার সাভারে গত ৮ ও ৯ অক্টোবর দুইদিন ব্যাপি এই ফ্যাশন শো প্রতিযোগিতা অনুষ্ঠত হয়। দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন প্রতিযোগি এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষদিন গত শুক্রবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেশের বিভিন্ন পর্যায়ের পেশাদার মডেল, ফ্যাশন ডিজাইনার, অভিনেতা অভিনেত্রী সহ দেড় হাজার অতিথি উপস্থিতি অনুষ্ঠানকে আরও উৎসবমুখর করে তোলে।
আর.পি সাহা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানান, ফ্যাশন শো’তে সৃজনশীল পোশাক উপস্থাপন, নান্দনিকতা ও ডিজাইন ভাবনার প্রকাশ যেমন একজন ডিজাইনারের দক্ষতার পরিচয় বহন করে, তেমনি ক্রিয়েটিভ এক্সিবিশনে উদ্ভাবনী চিন্তা, শিল্পবোধ ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে। এই দুই বিভাগে শিক্ষার্থীদের সাফল্য তাদের অর্জিত জ্ঞান, সৃজনশীল প্রতিভা এবং ফ্যাশন ও ডিজাইন অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার সম্ভাবনাকে তুলে ধরেছেন।
আর.পি সাহা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছেন, প্রতিযোগিতার দুটি স্বতন্ত্র বিভাগে দুই শিক্ষার্থী সাফল্য অর্জনের মাধ্যমে তারা নিজেদের সৃজনশীলতা, মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন এবং বিভাগের সুনাম ও মর্যাদা আরও সমুন্নত করেছেন। তাদের এই অর্জন প্রতিযোগিতায় বিভাগের প্রতিনিধিত্বকে আরও গৌরবময় করেছে।
বিশ্ববিদ্যালয়টির ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের চেয়ারম্যান ও এসোসিয়েট প্রফেসর তানজিল হাসনাইন মঈন রনিত বলেন, “আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, বাস্তবমুখী দক্ষতা ও পেশাগত বিকাশে উৎসাহিত করে আসছে। এ ধরণের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অর্জন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”।
তিনি আরও বলেন, “আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ দুই শিক্ষার্থীর এই অর্জনে গর্বিত এবং ভবিষ্যতে তাদের আরও সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল পথচলা কামনা করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের পক্ষ থেকে জান্নাতুল টিনা ও জোয়াইরিয়া ফাদিলাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
তাদের এই সাফল্য বিভাগের অন্যান্য শিক্ষার্থীদেরও নতুন উদ্যমে সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে অনুপ্রাণিত করবে বলে আমরা আশা করছি”।