শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:১৬, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪১, ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর ডেমরায় ঐতিহ্যবাহী বাওয়ানী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম (পিটি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরার অন্যতম ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের হিতৈষী সদস্য মোঃ রফিকুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল হাই।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেবেকা সুলতানা। এদিন ওই মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণাধর্মী প্রদর্শনী উপস্থাপন করে। এ সময় নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ফেরদৌস হোসেন রনি বলেন,
“বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মাঝে নতুন কিছু শেখার, উদ্ভাবনের এবং প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের মানসিকতা তৈরি করতে হবে।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সৃজনশীল চর্চার প্রতি আমাদের আরও গুরুত্ব দিতে হবে।
” তিনি আরও বলেন, “এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করে।”
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে মেলার কার্যক্রম সম্পন্ন হয়।