শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪৮, ৩১ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ জেলায় এবারের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ৪৫.৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জেলার শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে, যেখানে পাসের হার ৭৩.৮৪ শতাংশ।
সাধারণ এইচএসসির তুলনায় মাদ্রাসা শিক্ষায় পাসের হার এবার উল্লেখযোগ্য পরিমাণে বেশি। শনিবার (৩১ অক্টোবর) জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে নারায়ণগঞ্জ জেলার এই চূড়ান্ত ফলাফল নিশ্চিত করা হয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলা থেকে মোট ২২,২৩৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১০,১৮২ জন। জেলায় এইচএসসিতে জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছেন মোট ১৮৫ জন শিক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নারায়ণগঞ্জ জেলায় আলিম পরীক্ষার ফলাফল বেশ সন্তোষজনক। ৭৩.৮৪ শতাংশ পাসের হারের পাশাপাশি জেলায় এইচএসসি ও আলিম মিলিয়ে সর্বমোট ২১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছেন। এর মধ্যে সাধারণ বোর্ডে ১৮৫ জন এবং আলিম পরীক্ষা থেকে বাকি ২৫ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন।
উপজেলা ভিত্তিক ফলাফলে আলিমে বিশেষ চমক দেখিয়েছে সোনারগাঁ উপজেলা। এই উপজেলায় ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জনই পাস করেছেন, যেখানে পাসের হার ৯২.৭০ শতাংশ এবং আলিমে এ প্লাস পেয়েছেন ৫ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল অনুসারে , এইচএসসিতে নারায়ণগঞ্জ সদরে ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৩ জন। পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন।
বন্দরে ২ হাজার ৭১০ জনের মধ্যে ৮৮১ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩২ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। সোনারগাঁয়ে ২ হাজার ৪৭৮ জনের মধ্যে ৭৫২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩০ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন।
আড়াইহাজারে ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৪৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫১ জন। পাসের হার ৪১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
আলিম পরীক্ষায় নারায়ণগঞ্জ সদরে ৩৪৩ জনের মধ্যে ২৫৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৫ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বন্দরে ১৩৩ জনের মধ্যে ৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুজন।
সোনারগাঁয়ে ১৩৭ জনের মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। আড়াইহাজারে ৯৮ জনের মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। রূপগঞ্জে ২৬৪ জনের মধ্যে ১৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।
এদিকে দেশজুড়ে এ বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জাতীয় পাসের হার ৬১.০৭ শতাংশ। সেই তুলনায় নারায়ণগঞ্জ জেলার পাসের হার (৭৩.৮৪%) জাতীয় গড় হারের চেয়ে প্রায় ১২.৭৭ শতাংশ বেশি। দেশব্যাপী এবার আলিমে মোট ৩,২৫০ জন জিপিএ-৫ পেয়েছেন।
ফলাফল প্রকাশের পর নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আলিমে ভালো ফলাফলে মাদ্রাসাগুলোতে উৎসবমুখর পরিবেশ থাকলেও, এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা গত কয়েক বছরের তুলনায় কিছুটা কম হওয়ায় সাধারণ কলেজগুলোতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে।
জেলা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুতই এই ফলাফলের বিস্তারিত মূল্যায়ন ও পর্যালোচনার তাগিদ দিয়েছেন।